গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেছেন, আমি আগেও এই আসন থেকে দু’বার নির্বাচন করেছি। কিন্তু তখন ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে পারিনি। সে সময় ভোট চাওয়ার কোনো পরিবেশ ছিল না। এখন একটি পরিবর্তিত পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশের মধ্য দিয়েই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি কখনোই কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার রাজনীতি চায় না। বিএনপি বিরাজনীতিকরণে বিশ্বাস করে না। দলটি গণতন্ত্রে বিশ্বাসী—যে গণতন্ত্রে বহু রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন মত ও পথ থাকবে, থাকবে সমালোচনা। সবকিছু গ্রহণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যেতে চায়।
এস এম জিলানী বলেন, আপনারা জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। এ কারণে একটি দল বিএনপিকে আওয়ামী লীগ ও ভারতের দালাল বলেছিল। অথচ আন্দোলনে না থাকলেও অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমতাবলে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।
উপস্থিত জনসাধারণকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের নেতা বা এমপি হয়ে থাকতে চাই না। আমি আপনাদের সেবক হয়ে পাশে থাকতে চাই। আপনারা আমাকে একবার ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করে এলাকার উন্নয়ন করব।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক নির্মূলের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করব।
পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/মাইনুল