পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান।
আজ রবিবার দুপুর ১২টায় বাউফল পৌরসভার পাবলিক মাঠ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গণঅধিকার পরিষদ সব সময় বিএনপির সহযোদ্ধা হিসেবে রাজপথে রয়েছে। চলমান রাজনৈতিক বাস্তবতায় বৃহত্তর জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সহিদুল আলম তালুকদারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ব্যালট পেপারে ট্রাক প্রতীক থাকলেও তিনি নিজে এবং তার দলীয় কর্মী-সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজসহ গণঅধিকার পরিষদ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/জামশেদ