আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোন শঙ্কা নেই। কোথাও কারচুপি হলে আমাদের জানালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেখানে যেমন ব্যবস্থা নেওয়া দরকার তেমন প্রস্তুতি রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে, এবার শান্তিপূর্ণ, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ক্রেডিবল নির্বাচন হবে।’
তিনি আরও বলেন, রংপুর বিভাগের মানুষ শান্তিপ্রিয়। এই অঞ্চলে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকার নির্বাচন শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হবে। সাধারণত বর্ডার এলাকার ৮ কিলোমিটারে সেনাবাহিনী যায় না। পরিস্থিতির কারণে প্রয়োজন হলে সেখানেও সেনাবাহিনী যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি, ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, সশস্ত্র বাহিনীর সদস্য, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি কর্মকর্তারা।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বিজিবি রংপুর রিজিয়ন সদর দপ্তরে আসেন।
বিডি-প্রতিদিন/জামশেদ