শত প্রতিকূলতা সত্ত্বেও আগামীতেও এলাকার উন্নয়নে কাজ করে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, আমি এমপি কিংবা মন্ত্রী নই, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের কাছে আমি ঋণী।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চক্ষু চিকিৎসা শিবির উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করে নিজস্ব অর্থায়ানে এলাকার প্রায় ১১ হাজার রোগীকে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনসহ লেন্স সংযোজন করে মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে কাজ করে গেছি। এছাড়াও ওই সময়ের মধ্যে লক্ষাধিক চক্ষু রোগীর প্রাথমিক সেবা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। আগামীতেও রামপাল মোংলার মানুষের সুখ ও দুঃখ ভাগাভাগি করে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।
বীর মুক্তিযোদ্ধা শেখ সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম ফরিদ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার শিকদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী।
দিনব্যাপী এই চক্ষু চিকিৎসা শিবিরে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ছানি অপারেশনের জন্য ৬০০ ছানিপড়া রোগীকে বাছাই ও প্রায় ৫ হাজার রোগীকে ওষুধ ও চশমা প্রদানসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কামাল