প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সিডনিতে নতুন বছরের জন্য নামাজের সময়সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। শুক্রবার বাদ জুমা নতুন বছরের নামাজের সময়সূচি প্রকাশ করা হয়। এই সময়সূচিতে প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে। যা সিডনি ও আশপাশের এলাকায় বসবাসরত মুসলমানদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।
শুধু নামাজের সময়সূচিই নয়, পঞ্জিকায় ইসলামি বর্ষপঞ্জির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিবসও বিশেষভাবে হাইলাইট করা হয়েছে। এর মধ্যে রয়েছে শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আযহা, বার্ষিক ইফতার অনুষ্ঠান।
এছাড়াও কমিউনিটির সুবিধার কথা মাথায় রেখে ক্যালেন্ডারে যুক্ত করা হয়েছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, রিয়েল এস্টেট, একাউন্টেন্ট, ডাক্তারসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবাদাতার তথ্য। ফলে এটি শুধু ধর্মীয় সময়সূচি নয়, বরং কমিউনিটি-ভিত্তিক একটি কার্যকর তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার হিসেবে ব্যবহৃত হবে।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার জানান, স্থায়ী ও অস্থায়ী সদস্যসহ কমিউনিটির যে কেউ এই নামাজের সময়সূচি সংগ্রহ করতে পারবেন। নিকটস্থ দোকান ও সেন্টারসহ বিভিন্ন পয়েন্ট থেকে এটি পাওয়া যাচ্ছে। কমিউনিটির মুসলিমদের জন্য বছরের শুরুতে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় উদ্যোগ।
বিডি-প্রতিদিন/তানিয়া