উত্তর আমেরিকার দেশ কানাডায় ইংরেজি নববর্ষ প্রবাসীদের কাছে আলাদা আনন্দ ও উৎসবের আবহ নিয়ে আসে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে বড়দিন ও বছরের শেষ ছুটির কারণে পরিবার-পরিজন নিয়ে সময় কাটান অনেকেই। বড়দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই আসে নতুন বছরের আগমন, যা কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে ওঠে এক মিলনমেলা।
পুরোনো বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি-ব্যর্থতা আর সব জীর্ণতা পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় কানাডিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও স্বাগত জানান ইংরেজি নতুন বছরকে।
ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের প্রথম মুহূর্ত। রঙিন আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। শহরের বিভিন্ন স্থানে কানাডিয়ানদের সঙ্গে প্রবাসীরাও অংশ নেন এই আনন্দঘন উদযাপনে।
পুরোনো বছরের সব ক্লান্তি, দুঃখ ও স্বজন হারানোর বেদনা ভুলে আগামী দিনগুলো আরও সুন্দর হবে- এমন প্রত্যাশায় নতুন বছরের সূচনা করেন সবাই। প্রবাসীদের কণ্ঠে উঠে আসে শান্তিময় ও সুখী পৃথিবীর আকাঙ্ক্ষা।
কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আশা প্রকাশ করেন, নতুন বছরে বিশ্বজুড়ে যুদ্ধ, সহিংসতার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অবসান ঘটবে। পৃথিবী হবে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার আবাসভূমি- এই প্রত্যাশা নিয়েই তারা নতুন বছরকে স্বাগত জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া