সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) মালদ্বীপের রাজধানী মালে সে দেশের জাতীয় মসজিদে আসরের নামাজ শেষে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে মালদ্বীপের স্থানীয় নাগরিকসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের বাস্তবতা শিখেছে। তিনি যে আদর্শ ও পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানাই।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো এবং ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
গায়েবানা জানাজায় উপস্থিত প্রবাসীদের উদ্দেশে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, জাতির এ ক্রান্তিকালে গণতন্ত্রের মানসকন্যা নেত্রীকে হারিয়ে দেশের সুস্থধারার রাজনীতির অপূরণীয় ক্ষতিসহ আমি হারিয়েছি একজন রাজনৈতিক অভিভাবক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার, মালদ্বীপ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিডি প্রতিদিন/কেএইচটি