গভীর শোক, নীরবতা ও অশ্রুসিক্ত স্মৃতিচারণার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী ব্রিজবেনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি (রবিবার) বিএনপি কুইন্সল্যান্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ব্রিজবেনের অক্সফোর্ড রোডে অবস্থিত ওইইএস হলে অনুষ্ঠিত স্মরণসভা পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে শুরু হয়। বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে পুরো হলজুড়ে ছিল গভীর শোকের আবহ। অনেকের চোখে অশ্রু ও কণ্ঠে ছিল ভারী আবেগ।
অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে পেশাজীবী বাঙালি, প্রবীণ সদস্য, তরুণ-তরুণী, নারী ও গৃহিণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
অনুষ্ঠানে ডা. মোহাম্মদ ইসলাম জামান ও ডা. কুবাইদুর রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তৎকালীন সরকারের অবহেলা ও নিষ্ঠুর আচরণের বিবরণ তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন জাহেদুল হক, ডা. ইমরান, আনোয়ার হোসেন, আরিফ সাইদ পিন্টু, শাহনেওয়াজ আহমেদসহ বিএনপি কুইন্সল্যান্ডের নির্বাহী কমিটির সদস্যরা।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল