কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যান্ড বিজয় দিবস কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর আয়োজনে এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ কুয়েত দূতাবাস। রবিবার বিকাল ৫টায় কুয়েত ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় কুয়েতে বসবাসরত মোট ১০টি প্রবাসী বাংলাদেশি ক্রিকেট দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় জিলিব প্রবাসী ক্লাব ও আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আইআইওয়াই স্পোর্টিং ক্লাব ৩২ রানের ব্যবধানে জিলিব প্রবাসী ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য প্রদর্শন করে ৩ উইকেট শিকার করেন আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের নাহিদ। তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার লাভ করেন।
খেলা শেষে টুর্নামেন্ট আহ্বায়ক মীর মোশাররফ হোসেন মোস্তফা এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত-এর ভারপ্রাপ্ত সভাপতি সারওয়ার্দী সারোয়ার-এর তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (প্রতিরক্ষা সংযুক্তি)।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, কাউন্সেলর (শ্রম) এস এম সাইফুর রহমান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ আতিকুল মামুন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুৎফুর রহমান মুখা আলী, মোহাম্মদ মাঈন উদ্দিন, আজিজ রহমান আজিজ, মোহাম্মদ আক্তারুজ্জামান শামস, শফিকুল ইসলাম শফিক, গোল্ডেন সেলিম খান, লিটন মিয়াজি ও পলাশসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সাংবাদিক, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত-এর নেতৃবৃন্দসহ কুয়েতে বসবাসরত বিভিন্ন পেশাজীবী, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া