সিডনিতে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্যাম্পবেলটাউন ইগলস স্পোর্টসের পরিচালক মেহেদী খান। বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাতে তিনি রিশাদকে আসন্ন বিগ ব্যাশ লিগ (বিবিএল) ম্যাচে সাফল্য কামনা করেন।
রিশাদ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশ লিগ ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স দলের হয়ে খেলছেন এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার মাঠে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্তরা ।
চলতি মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন রিশাদ হোসেন। আগের ম্যাচগুলোতে নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিং করে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে পর্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দলকে জয় এনে দেন তিনি, যেখানে নিজের সেরা বোলিং ফিগারও তুলে ধরেন।
সিডনিতে ক্যাম্পবেলটাউন ইগলস স্পোর্টস ক্রীড়া, সংযোগ এবং কমিউনিটির ক্রীড়া উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের মানসিক ও শারীরিক উন্নতিতে বিশেষ গুরুত্ব দেয়। সংগঠনটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ জোগায়।
মেহেদী খানের উপস্থিতি ও রিশাদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ ইগলস স্পোর্টসের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। উপস্থিত সবাই রিশাদের ম্যাচের সাফল্য কামনা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া