কানাডার টরেন্টোতে প্রবল তুষারঝড় ও ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টরেন্টো ও বৃহত্তর জিটিএজুড়ে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হেনেছে। কানাডার জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু এলাকায় ৫০ থেকে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। এ অবস্থায় বিরল কমলা রঙের সতর্কতা জারি করা হয়েছে, যা গুরুতর ঝড় ও জননিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দেয়।
ঘণ্টায় ৫–১০ সেন্টিমিটার হারে তুষারপাত, ৫০ কিমি গতির দমকা হাওয়া এবং তীব্র বরফঝড়ে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে। এতে সড়ক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে এবং শতাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
ঝড়ের প্রভাবে সোমবার টরন্টোর সব পাবলিক ও ক্যাথলিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত পরীক্ষাগুলো পরবর্তী তারিখে নেওয়া হবে। একইসঙ্গে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে গণপরিবহন চলাচল।
শহর কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, ঘরে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছে। তুষার পরিষ্কার কার্যক্রম চললেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/হিমেল