বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব করেছে কম্বোডিয়া প্রবাসী বাংলাদেশিরা। পিঠা উৎসব ঘিরে রাজধানী নমপেনের পিটাল কামায় রেস্টুরেন্ট হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।
গত রবিবার প্রবাসী ভাবিদের উদ্যোগে আয়োজিত এই উৎসব প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিয়েছে বাংলার চিরায়ত সংস্কৃতি ও কৃষ্টির সঙ্গে।
আয়োজকরা জানান, বাংলাদেশের বিভিন্ন গ্রামের শীতকালীন পিঠা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য এই আয়োজনের উদ্যোগ নেয় প্রবাসী কমিউনিটি। উৎসবে ছিল ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, নকশিসহ নানা রকমের দেশীয় পিঠার প্রদর্শনী ও সেগুলোর স্বাদ গ্রহণের ব্যবস্থা।
উৎসব শুরু হয় স্থানীয় সময় বিকাল ৪টায়। অনুষ্ঠান শুরুর পর তা আর শুধু পিঠা খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সবাই মিলে আনন্দ করার এই অনুষঙ্গ পরিণত হয় মিলনমেলায়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মধ্যদিয়ে আনন্দমুখর সময় কাটান দেশের স্বজনদের থেকে দূরে থাকা প্রবাসীরা। পরে নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় এ উৎসবের।
বিডি-প্রতিদিন/বাজিত