বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের’ ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
সোমবার চট্টগ্রাম নগরের একটি হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার পরিচালক, নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, কূটনৈতিক, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, বিশ্বের অন্যান্য মেরিটাইম রাষ্ট্রের মতো জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ন্যাশনাল হাইড্রোগ্রাফার প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এ প্রতিষ্ঠান দেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করবে। পাশাপাশি সমুদ্রগামী জাহাজের নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সুনীল অর্থনীতি কার্যক্রম এবং উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ সহায়তা ও পারস্পরিক সমন্বয় বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার অধীন ১৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ অন্যতম। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এ কমিশনের কার্যক্রম পরিচালিত হয়।
এ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং হাইড্রোগ্রাফিক সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দেন।
বাংলাদেশ বর্তমানে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।
বিডি-প্রতিদিন/এআইএস