রাজধানীর ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (২০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত প্রায় ১১টার দিকে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত রহমান শাওন গাজীপুরের টঙ্গীর পশ্চিম বড় দেওড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে হাতিরঝিলের মীরবাগ এলাকায় বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
পরিবারের বরাতে জানা গেছে, শাওন রাতে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওয়ারীর দিকে যাচ্ছিলেন। তার বন্ধুরাও আরেকটি মোটরসাইকেলে সঙ্গে ছিলেন। পথিমধ্যে ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে শাহজাহান (৪৫) নামে এক পথচারী হঠাৎ তার মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন শাওন। এতে পথচারীসহ দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও তার বন্ধুরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান, আর আহত পথচারী জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
নিহতের বাবা লুৎফর রহমান জানান, তার ছেলে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৩০ জুন তার ভিসা প্রস্তুত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনায় ছেলেকে হারাতে হলো।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ