ঝালকাঠি সদর হাসপাতালে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জন শিশু ও বয়স্ক রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে ৮ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
হাসপাতালে ভর্তি এক শিশুর স্বজন জানান, হঠাৎ করে তার মেয়ের অতিরিক্ত জ্বর, গলা ব্যথা ও চোখ লাল হয়ে যায়। পরে আতঙ্কিত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে। অন্য এক অভিভাবক বলেন, তার পাঁচ বছর বয়সী ছেলের হঠাৎ জ্বর, চোখ লাল হওয়া এবং মাথা ব্যথা শুরু হয়। প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খাওয়ালেও অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা হাম শনাক্ত করেন। চারদিন চিকিৎসার পর শিশুটি এখন সুস্থ্যতার দিকে।
উল্লেখ্য, ঝালকাঠি জেলায় হাম-রুবেলা রোগের প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১৭৬ জন শিশু ও বয়স্ক সন্দেহভাজন রোগীর মধ্যে ৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৩ জন ভর্তি হয়েছে, আর ৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, আক্রান্তদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বিডি প্রতিদিন/এআরএ