রামিসাসহ দেশব্যাপী শিশু নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদে জামালপুরে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন লন্ডন গ্রুপ অফ ইন্সটিটিউটসের সদস্যরা।
রবিবার (২৪ মে) দুপুরে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইন্সটিটিউটসের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লন্ডন গ্রুপ অফ ইন্সটিটিউসের শিক্ষক নাদিয়া রায়হান মিথুন, ঐশর্য্য প্রভা ঘোষ, ইসরাত জাহান মিষ্টি, রতন মিয়া প্রমুখ।
এ সময় বক্তাদের অভিযোগ, দেশে নারীদের ধর্ষণ ও নিপীড়নের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে বলেই আট বছরের ছোট্ট রামিসা তার ঘরের পাশেই ধর্ষণ এবং নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। রামিসার ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠার পরও দেশের বিভিন্ন প্রান্তে শিশু নির্যাতস হচ্ছে। তাই রামিসাসহ সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নেতারা।
বিডি প্রতিদিন/আরকে