চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬০০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ মো. বাপ্পি (২৭) নামের একজনকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। আটক বাপ্পি চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়ন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দামুড়হুদার ডুগডুগি কলোনীপাড়ায় অবস্থান নেয় ৬ বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেলযোগে এক ব্যক্তিতে সীমান্তের দিকে যেতে দেখে তার গতিরোধের চেষ্টা করে বিজিবি। মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে ধাওয়া করে আটক করে। জনসম্মুখে তার দেহ তল্লাশি করে উদ্ধার করে ৫টি স্বর্ণের বার।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, আটক স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাপ্পি। আটক স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম