নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম (২৫) নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার বাড়ি-চিনিষ এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিয়াম বাড়ি চিনিশ এলাকার মাসুম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়ামের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকাসহ ছাত্র-জনতার ওপর হামলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান।
গত ২২ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় সিয়াম ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর থেকেই সিয়াম আত্মগোপনে ছিল।
এলাকাবাসীর জানায়, দীর্ঘদিন ধরে সিয়াম ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তাকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছ। সচেতন মহলের দাবী, অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সিয়ামের বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
বিডি প্রতিদিন/এএম