সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহিন দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার জেলা পরিষদ মিলনায়তনে প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম শাহিন জানান, সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে উল্লাপাড়ার একটি আসন বিএনপি পায়নি। আমি উল্লাপাড়ার মানুষ। হয়তো ওই এলাকার দায়িত্ব পালনের জন্য বিএনপি আমাকে দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদের আওতায় যেসব উন্নয়ন কাজ হবে সেগুলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সকল প্রতিনিধিদের সমন্বয়ে করা হবে। এ সময় তিনি বলেন, প্রশাসকের পদটি রাজনৈতিক পদ। জনগণের কাছে দায়বদ্ধ হয়ে আমি জনগণের কাজ করব। আমার সব কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে থাকবে।
এ সময় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন বিএনপি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। তিনি একজন দক্ষ, সুশিক্ষিত মানুষকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। বিএনপি সবসময় নতুন প্রশাসককে সহযোগিতা করবে।
বিডিপ্রতিদিন/কেকে