গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি শ্রী প্রভাষ কিসকোকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার শ্রী প্রভাষ কিসকো উপজেলার ভুতগাড়ী এলাকার মৃত খারিয়া কিসকোর ছেলে।
সোমবার (১৫ জুন) দুপুরে র্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার দিবাগত রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার প্রভাষ কিসকোর সাথে হত্যাকান্ডের শিকার মমতাজ আলী পূর্ব শত্রুতা ছিল। গত ৫ জুন মমতাজ আলী জুমার নামাজ শেষে রাস্তার পাশে দোকানে চা পান করছিলেন। এ সময় প্রভাষ কিসকো পিছন থেকে বাঁশের লাঠি দিয়ে মমতাজ আলীর মাথায় সজোরে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার দু’দিন পর ৭ জুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ আলী মারা যান। পরে ১২ জুন নিহতের ছোটভাই আবু সাঈদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে রংপরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শ্রী প্রভাষ কিসকোকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম