শেরপুরের শ্রীবরদীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, সেলাইমেশিন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। সাইকেল, সেলাই মিশিন, নগদ টাকা পেয়ে অনেক খুশি হয়েছে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী।
শনিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
প্রাথমিক পর্যায়ের ২২ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৬৬ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ১৩ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৬৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ৬৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও পাঁচ নারীকে সেলাই মেশিন এবং সাত নারী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেছেন, এই এলাকাটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। এখানে জনসংখ্যার বিরাট একটি অংশ পিছিয়ে পড়া নৃ-জনগোষ্ঠি। বিএনপি সরকার আগেও সব সময় এদের পাশে থেকেছে আগামীতেও থাকবে।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস.এম সোহান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম