কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে ২১ জুন ভোরে ঝটিকা অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আবসার মিয়া (২০), হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালীর (পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড) নুরুল আলমের ছেলে। তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম