ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২১ জুন) সকালে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি আখাউড়া রেলওয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি লুঙ্গি ও শার্ট পরিহিত ছিলেন এবং মরদেহে পচন ধরেছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/এএম