আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা বিরামহীন গণসংযোগ চালিয়েছেন।
শুক্রবার ছুটির দিনে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
চট্টগ্রাম–১১ (বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার বিকেলে ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি লালদিয়ারচর ১৪ নম্বর এলাকা, চর বস্তি, বিজয়নগর, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া, ফুলছড়িপাড়া ও নাজিরপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
পথসভায় বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং নিজেদের সরকার নির্বাচন করার অধিকার ফিরে পেয়েছে। তিনি বলেন, নির্বাচিত সরকার হলে জনগণের কাছে জবাবদিহি থাকবে। সবচেয়ে বড় কথা, দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে।
চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর আজিজিয়া দরবার শরীফ মাজার জিয়ারতের মাধ্যমে তার গণসংযোগ শুরু করেন। এরপর তিনি বুড়িশ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। এ সময় কয়েকটি পথসভায়ও বক্তব্য দেন তিনি।
অন্যদিকে চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় গণসংযোগ করেন। পথসভায় তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ছাড়া উন্নয়ন কার্যক্রম টেকসই হয় না। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/সুজন