কুড়িগ্রাম-২ আসনে টানা দ্বিতীয় দিনের মতো নির্বাচনি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। মাঠে সক্রিয় রয়েছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরাও।
আসনটি সদর উপজেলা, রাজারহাট ও ফুলবাড়ী এলাকা নিয়ে গঠিত। শুক্রবার এসব এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ পৌরসভার মার্কেটগুলোর বিপণি বিতানসহ বেশ কয়েকটি এলাকায় গণসংযোগের সময় তিনি বলেন, ‘আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ মডেল কুড়িগ্রাম নির্মাণ করতে সক্ষম হবো।’
তিনি আরও বলেন, ‘কুড়িগ্রামবাসী আমাকে যে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন, তা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নুর বখত বলেন, ‘সদরের কাঁঠালবাড়ী এলাকায় অনেক মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন। হাতপাখার জোয়ার উঠেছে। তারা কুড়িগ্রামের উন্নয়নে হাতপাখাকে বিজয়ী করতে চান।’
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘প্রতীক বরাদ্দের পর থেকে স্ব স্ব দলের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন।’
বিডি-প্রতিদিন/এমই