ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অংশগ্রহণকারীদের অধিকাংশই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, তরুণরা শুধু ভোটার নয়, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের প্রতিটি অর্জনে তরুণদের ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তরুণদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চান তিনি।
মতবিনিময়কালে তরুণরা শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার উন্নয়ন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রার্থী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণরা জানান, উন্মুক্ত আলোচনার মাধ্যমে তারা সরাসরি তাদের কথা জানানোর সুযোগ পেয়েছেন, যা আগামী নির্বাচনে অংশগ্রহণে তাদের আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিকির পরিচালনায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল