আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রচার–প্রচারণা চালিয়েছে বিএনপি। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা, গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় তিনি মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর, বড় বাকাইল, আনন্দপুর গুদারাঘাট, আমিরপাড়া, মৈন্দ, মৈন্দ পূর্ব ও দারমাসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী পথসভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এ বি এম মমিনুল হক, অ্যাডভোকেট আনিসুল হক মঞ্চু, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম মোহাম্মদ আরিফ, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগের মতো ভোট ছাপানো নির্বাচন বিএনপি চায় না। কেউ যদি ভোট কারচুপির সঙ্গে জড়িত হয়, তাকে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি দল ধর্মকে পুঁজি করে জনগণকে বিভ্রান্ত করছে এবং ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন বক্তব্য দিচ্ছে, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।
বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, এসব কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোকে আড়াই হাজার টাকার সমমূল্যের সহায়তা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সুজন