ভোলা-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, গত ১৭ বছর মানুষের উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। এখন সেই ফ্যাসিস্টরা পালিয়েছে। এখন নতুন করে মানুষ তাদের নেতা নির্বাচন করবে। ইনশাআল্লাহ মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।
আজ সকাল ১১টার দিকে তার নির্বাচনি এলাকা রানিগঞ্জ বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এলাকায় শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চলছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না। তবে হাফিজ ইব্রাহিম অভিযোগ করে বলেন, তার প্রতিপক্ষের লোকজন আড়াইহাত লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিলে নামে। তারা স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে পতাকা টানায় না অথচ এখন লাঠির মাথায় পতাকা নিয়ে রাস্তায় নামে। তাদের উদ্দেশ্য ভালো নয়।
এসময় তার সাথে বিএনপি নেতা এবং তার নির্বাচনের প্রধান সমন্বয়কারী আকবর হোসেন, বোরহানউদ্দিন বিএনপির সভাপতি মাফরোজা সুলতানা, ওলামাদলের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল