জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খাঁন বলেছেন, মানুষ ভয়ে আছে, আতঙ্কে আছে। নির্বাচন হবে কি না বুঝতে পারছে না। দেশে নির্বাচনের কোনো আমেজ নেই। শেখ হাসিনার সময় ‘আমরা আমরা’ ভোটের যে নির্বাচন হয়েছিল, সেখানেও নির্বাচনি আমেজ ছিল। আজকে তাও নেই। বাংলাদেশে যেখানে যাই জনগণের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখি না। ভোটের আমেজ তৈরিতে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারে- সরকারকে সেই নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকারি খরচে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাদের নিরাপত্তা দিতে হবে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে চট্টগ্রাম-৯ আসনে জনতার দলের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. হায়দার আলী চৌধুরীর (কলম মার্কা) সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনে জনতার দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজম খাঁন বলেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী নির্বাচিত হলে সংখ্যালঘুসহ সবাই নিরাপত্তা পাবেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে দেশে গত ৫৪ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠিত হয়নি সুশাসন। জনতার দল গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতে দেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হবে। দেশের মানুষের জন্য ইনসাফ কায়েম করবে এই দল।
মো. হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে জনসভা উদ্বোধন করেন জনতার দলের নৈতিক কমিটি প্রধান মেজর জেনারেল (অব.) মাহবুবুুল আলম। প্রধান আলোচক ছিলেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আজম খাঁন, বিশেষ অতিথি ছিলেন দলের কৌশলগত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ ও প্রধান সমন্বয়ক এবং মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু মহাজোট নেতা যদু সিংহ, শ্যামল দাস, নারায়ণ দাস প্রমুখ।
মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম বলেন, জনতার দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালালে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। জনতার দলের প্রার্থীদের ভোট দিলে নিশ্চয়তা দিতে চাই, কলম দিয়ে দেশের নতুন ইতিহাস রচিত হবে। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না।
লেফট্যানেন্ট জেনারেল সাব্বির আহমেদ আগামীতে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে জনতার দলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের জনতার দলের প্রার্থী মো. হায়দার আলী বলেন, আমি মানুষের জন্য সারাজীবন রাজনীতি করেছি। নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাব।
বিডি প্রতিদিন/জুনাইদ