বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খান বলেছেন, ধানের শীষে ভোট দিয়েই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।
শুক্রবার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার জনগণের সামনে সেই সুযোগ এসেছে। তাই সবাইকে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, কোনো ধরনের চরমপন্থার রাজনীতিতে বিশ্বাসী নয়। উদার গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/সুজন