নিজ আসনের ভোটারদের কাছে ভোট চাইতে গাজীপুরের কোনাবাড়ীতে জনসভা করেছেন সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা।
শুক্রবার বিকেলে কোনাবাড়ী কুদ্দুস নগর খেলার মাঠে এ জনসভা আয়োজন করা হয়। কাজিপুর ও সদরের একাংশ নিয়ে সিরাজগঞ্জ-১ আসন গঠিত। কিন্তু আসনটির কয়েক হাজার ভোটার ঢাকার গাজীপুরের কোনাবাড়ী ও সাভারের বিভিন্ন গার্মেন্টসে চাকরি করায় গাজীপুরে এ জনসভা করা হয়।
জনসভায় তিনি বলেন, কাজিপুরের বিগত ৫৪ বছরের ইতিহাস বদলাতে এবার ধানের শীষে ভোট দেবেন। সবাই ১২ ফেব্রুয়ারি কাজিপুরে থাকবেন। আপনাদের ভোটে কাজিপুরের মাটিতে ধানের শীষ বিজয়ী হবে।
সেলিম রেজা বলেন, নির্বাচিত হলে সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নদী বন্দরে গতিশীলতা ফিরিয়ে এনে, যমুনা নদীকে শাসন করে সম্পদে পরিণত করা হবে।
জনসভায় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক সদস্য সচিব সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনুসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই