দীর্ঘ ২১ বছর পর শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ একাধিক জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে রাজধানী ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে একটি জনসভায় অংশ নেবেন।
আগামীকাল শনিবার বিকাল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের দরুন–চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। টাঙ্গাইল জেলায় এটি তার প্রথম রাজনৈতিক জনসভা।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জনসভার সার্বিক তদারকি করছেন। তিনি একাধিকবার সমাবেশস্থল পরিদর্শন, স্থান নির্ধারণ এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। জনসভায় শতাধিক মাইক, সুবিশাল মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১১ জানুয়ারি তারেক রহমানের টাঙ্গাইল সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা বাতিল করা হয়। দীর্ঘ দেড়যুগ লন্ডনে অবস্থান শেষে দেশে ফেরার পর এটিই টাঙ্গাইলে তার প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার এলাকায় এলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য দেননি।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বত্র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। টাঙ্গাইল শহরে ইতোমধ্যে একাধিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, এই জনসভার মঞ্চ থেকে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই জনসভা থেকে দলের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল