ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী শনিবার ৬৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা গভীর মনোযোগের সঙ্গে শোনেন।
গণসংযোগকালে পরিবর্তনের বার্তা দিয়ে নবীউল্লাহ নবী বলেন, ‘ঢাকা-৫ এর জনগণ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, গ্যাস ও বিশুদ্ধ পানির সংকট, বেকারত্ব, ভাঙাচোরা সড়ক এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা আজ মানুষের দৈনন্দিন দুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোট ও ভালোবাসা পেলে এসব সমস্যা সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় জনগণের দল। জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তরুণ সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা এবং একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পরিবর্তনের প্রত্যাশায় বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।
গণসংযোগে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ভোটাররা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ