ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘সংখ্যালঘু’ শব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বাস করে না।
তিনি বলেন, আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার এলাকার প্রত্যেক হিন্দু ভাই-বোন নিরাপদ থাকবে। সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। আমরা হিন্দু-মুসলমান সবাই একসঙ্গে ভালো থাকব।
শনিবার দুপুরে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দার কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. হানিফ মন্ডল।
শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নগরকান্দা ও সালথাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত করা হবে। এ এলাকাকে দুর্নীতিমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে।
নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দল, মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে আমরা সবাই এ এলাকার মানুষ। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সঙ্গে আমার আপনাদের সম্পর্ক শেষ নয়। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক এবং মাটির সম্পর্ক।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নগরকান্দা ও সালথায় আধুনিক মানের হাসপাতাল স্থাপন করা হবে। শিল্পকারখানা গড়ে তোলা হবে, যাতে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
বিগত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে নানা কারণে আমরা ভোট দিতে পারিনি। এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। ভোট গণনা শেষে ফলাফলের শিট হাতে নিয়ে তবেই ভোটকেন্দ্র ত্যাগ করবেন।
তিনি ভোটারদের সতর্ক করে বলেন, কেউ যদি বাড়িতে এসে আপনার ভোটার আইডি কার্ড চাইতে আসে, তাকে কোনোভাবেই আইডি দেবেন না। প্রয়োজনে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।
ধর্মীয় বিষয়ে তিনি বলেন, আমরা মুসলমান। ইসলাম পালন আমাদের দায়িত্ব। ইসলাম বিক্রির কোনো বিষয় নয়। বিএনপি ক্ষমতায় গেলে শরিয়াহভিত্তিক জীবনব্যবস্থার প্রতি সম্মান রেখে চলা হবে এবং একই সঙ্গে অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল