আগামী নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়াকে উন্নয়নের মডেলে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিল। এবার সেটির অবসান হবে। দুপচাঁচিয়াতে ফ্লাইওভার ও সান্তাহার রেলস্টেশনে আন্ডারপাস নির্মাণের পাশাপাশি বগুড়া এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে রুপান্তর করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জনসভায় তিনি এসব প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। উপজেলা জামায়াত এই কর্মসূচির আয়োজন করে।
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, বগুড়া-৩ আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি একজন সফল ইউপি চেয়ারম্যান। তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করতে পারবেন।
আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং সোহেল রানার সঞ্চালনায় জনসভায় জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাহমিম ইমতিয়াজ, কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান, জকসু জিএস আব্দুল আলিম আরিফ, জেলা ছাত্র শিবির সভাপতি সায়েদ কুতুব সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
জনসভা শেষে সান্তাহার অভিমুখে মার্চ ফর দাঁড়িপাল্লা রোড মার্চ কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/কামাল