আগামী সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে সঠিক সরকার গঠনে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকার আকচা ইউনিয়নে গণসংযোগে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নিয়েছি। যদি সঠিক সরকার গঠন করতে পারি, সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, তাহলে আমরা একটা ভালো বাংলাদেশের আশা করতে পারব।’
তিনি বলেন, ‘‘এবার মানুষজন স্লোগান দিচ্ছে ‘হিন্দু-মুসলমান বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট’— এটা একটা বিরাট পাওয়া। এর মাধ্যমে আমাদের মধ্যে যে সাম্প্রদায়িকতা, সেটা দূর হয়ে যাবে, নতুন একটা চিন্তা-ভাবনা আসবে।’’
এর আগে সকালে একই ইউনিয়নের আরেকটি গণসংযোগে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সময়ে বয়স হলেও কেউ ভোট দিতে পারেনি, আগের রাতেই সব ভোট দেওয়া হয়ে যেত। এবার সুযোগ আসছে, ঠিকমতো সবাই ভোটটা দিতে পারবেন।
এ সময় তিনি দলের সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, তিনি দেশের মানুষের উপকার করেছেন, কল্যাণ করেছেন। সবসময় নিজের নীতিকে ঠিক রেখেছেন। মানুষের ভোটের অধিকারের জন্যও খালেদা জিয়া কোনোদিন আপস করেননি।
মির্জা ফখরুল এ সময় সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই