বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (নরসিংদী সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে দিনব্যাপী সদর উপজেলার মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপির দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফলেই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এর ফলে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ভোট দেওয়া জনগণের পবিত্র দায়িত্ব। জনগণের ভোটেই নির্ধারিত হবে ভালো মানুষ নাকি খারাপ মানুষ, ভালো দল নাকি খারাপ দল দেশ পরিচালনা করবে। ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আবারও জুলুম-নির্যাতনের আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তি ও দল বিবেচনা করেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, বিএনপি কখনো ব্যক্তিগত স্বার্থে আন্দোলন-সংগ্রাম করেনি কিংবা আপোষ করেনি। বেগম খালেদা জিয়ার ওপর দীর্ঘদিন অন্যায় নির্যাতন চালানো হলেও তিনি জনগণের স্বার্থ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপোষ করেননি।
তিনি দাবি করেন, বিএনপি চারবার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, কখনো পেছনের দরজা দিয়ে নয়। গত ১৭ বছরে বিএনপির ওপর নিপীড়ন, নির্যাতন, গুম-খুন ও হামলা চালানো হলেও দলটির অস্তিত্ব বিপন্ন করা যায়নি, কারণ বিএনপি জনগণের দল—যার শিকড় অনেক গভীরে।
এ সময় নরসিংদী জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল