রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরীয়াহকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল তিনটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবে দলটি।
আজ দুপুরে পীর সাহেব চরমোনাই এর সভাপতিত্বে দলের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান দেখিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরীয়াহ প্রাধান্য পাবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে "জনপ্রত্যাশার বাংলাদেশ" শব্দ বন্ধনীকে গ্রহণ করা হয়েছে। জনপ্রত্যাশা হিসেবে শরীয়ার প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও অধিকার গুরুত্ব পাবে। আর্থিকখাতে শৃঙ্খলা আনয়ন, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানী নিরাপত্তা, পারস্পরিক সহযোগিতা ও সম্মানভিত্তিক বৈদেশিক নীতি ইশতেহারে গুরুত্ব পাবে।
ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন