নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সারাদেশে বিএনপির ধানের শীষের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের ভোট দিতে মুখিয়ে আছে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত রাখতে দিনের ভোট রাতে আর আমি এবং ডামির ভোট করতো। মানুষ আর এমন পাতানো নির্বাচন চায় না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বিভিন্ন পথসভা ও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, তারেক রহমান দেশে এসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশের চিত্র পাল্টে গেছে। মানুষ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে। বিএনপি চেয়ারম্যান জনসংযোগ ও জনসমাবেশ শুরু করায় মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
তিনি বলেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করবে।
পথসভায় দুলু জানান, তিনি এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার নাটোরের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যহত রাখবেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা প্রযুক্তিবিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, ওজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, নলডাঙ্গার বিএনপির নেতা শফিকুল ইসলাম বুলবুল ও হুমায়ন শিকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই