কুমিল্লা-৯ আসনে ধানের শীষকে বিজয়ী করতে একই মঞ্চে দেখা গেছে দলীয় প্রার্থী আবুল কালাম ও বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলাকে।
শনিবার বিকেলে লাকসাম পাইলট সরকারি হাইস্কুল মাঠে ধানের শীষের জনসভায় তাদের একসঙ্গে দেখা যায়। এ সময় দলীয় ও বিদ্রোহী প্রার্থী কুমিল্লা-৯ আসনটি জিয়া পরিবারকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা। দলের হাইকমান্ড আবুল কালামকে মনোনয়ন দেয়। অপরদিকে নেতা-কর্মীদের একাংশের উৎসাহে বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন সামিরা আজিম দোলা।
২১ জানুয়ারি দলীয় প্রার্থী ধানের শীষ প্রতীক ও বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা ফুটবল প্রতীকে প্রচারণা শুরু করেন। টানা আটদিন প্রচারণার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গত বৃহস্পতিবার কুমিল্লার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বসেন আবুল কালাম ও সামিরা আজিম দোলা। ওই সম্মেলনে সামিরা আজিম দোলা ধানের শীষকে সমর্থন করে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। জনসভায় জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ওই ঘোষণার পর শনিবারও জনসভায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। প্রকাশ্যে দুই মনোনয়নপ্রত্যাশীকে একসঙ্গে দেখে নেতাকর্মীরা উজ্জীবিত। দুজন একই মঞ্চে আসায় আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বিডি-প্রতিদিন/এমই