ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় ১১ দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুর করিমের দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে স্থানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে নির্বাচনী গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গাইবান্ধা-২ (সদর) আসনের বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গণমিছিল পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জহুরুল হক, পৌর আমীর একেএম ফেরদৌস আলম ফিরোজ, সহকারী সেক্রেটারী মো. নুরুন্নবী সরকার প্রমুখ।
সমাবেশে ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল করিম বলেন, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে। তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট প্রার্থনা করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল