ব্রাহ্মণবাড়িয়া-০৬ বাঞ্ছারামপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, উন্নত শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার সমন্বিত উন্নয়নের মাধ্যমে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা হবে, যা দেশের অন্যান্য উপজেলার জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে উজানচর বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পায়ে হেঁটে পথসভা, গণসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে ‘মাথাল’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, সাবেক সাধারণ সম্পাদক এম. এম. ইলিয়াস, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় জোনায়েদ সাকি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। উন্নত যোগাযোগ অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে এবং মানসম্মত শিক্ষা ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গড়ে তোলে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ঝরে পড়া রোধ করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।
গ্রামীণ ও শহরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গ্রাম-শহরের সড়ক যোগাযোগ উন্নত হলে কৃষি উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে, যা সরাসরি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
কালিকাপুর গ্রামে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, শিক্ষার বিস্তারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাস সম্ভব হয়। মানুষের জীবনমান উন্নয়নই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/হিমেল