চলমান রাজনৈতিক মতবিরোধ নিরসনে ইরানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়তার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের শীর্ষ নেতাদের কোনো ধরনের সমঝোতা ছাড়া আলোচনা শেষ হওয়ার পর রুশ প্রেসিডেন্ট এ কথা জানান।
রবিবার (১২ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানে সঙ্গে ফোনালাপে তিনি এ সহায়তার কথা তুলে ধরেন।
এ সময় পুতিন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির সর্বশেষ অবস্থা এবং পাকিস্তানে চলমান আলোচনা প্রক্রিয়া পর্যালোচনা করেছেন। এছাড়াও নেতারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করার উপায় নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।
ফোনালাপে দ্বিপাক্ষিক সহযোগিতার সর্বশেষ অবস্থাও মূল্যায়ন করেছেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও গভীর করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন নেতারা।
স্পুটনিকের তথ্যমতে, ইরানের প্রেসিডেন্ট ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া আলোচনার কথা উল্লেখ করেন এবং রাশিয়ার নীতিগত অবস্থানের প্রশংসা করেন। পেজেশকিয়ান মানবিক সহায়তার জন্য মস্কোকে ধন্যবাদ জানান এবং ইস্টার সানডে উপলক্ষে রুশদের অভিনন্দন জানান।
অন্যদিকে পুতিন জোর দিয়ে বলেছেন, ইরানকে ঘিরে বিরোধের রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তিতে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল