কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, আমরা যদি সৎ হই তাহলে দেশে এগিয়ে যাবে। বর্তমান সরকার সে নিরিখেই কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহে বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে তিনি এই কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কোরবানির বর্জ্য যেন ড্রেনে না ফেলি, নিজে সচেতন থাকলে দেশ পরিচ্ছন্ন থাকবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব।
নগরীর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায়ের পর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। জামাতের ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারি মো. ইব্রাহীম।
ঈদ জামায়াতে, কুমিল্লা সদর আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
এছাড়া জেলার ১৭ উপজেলায় ১ হাজার ৯১২টি মসজিদে এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/টিএ