বাংলা কিউআর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে প্রযুক্তিগত প্রস্তুতি, নিরাপত্তা, গ্রাহক সচেতনতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত বাস্তবায়নের ওপর
দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ, নগদ অর্থের ব্যবহার কমানো এবং ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্য নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে বাংলা কিউআর। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে চালু হওয়া এ উদ্যোগে একজন গ্রাহক যেকোনো ব্যাংক বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি নতুন পেমেন্ট পদ্ধতি নয়; বরং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সমন্বিত ও স্বচ্ছ করার বড় পদক্ষেপ। বাংলা কিউআর হলো একটি ইন্টারঅপারেবল জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা, যেখানে ভিন্ন ভিন্ন ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা একই কিউআর ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
এতদিন বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর থাকায় একজন গ্রাহক সব জায়গায় একইভাবে পেমেন্ট করতে পারতেন না। বাংলা কিউআর সেই সীমাবদ্ধতা দূর করবে। উদ্যোগটির লক্ষ্য হলো-ডিজিটাল লেনদেন বৃদ্ধি, নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, কর ফাঁকি, দুর্নীতি ও অপ্রদর্শিত অর্থের প্রবাহ কমানো, ক্যাশলেস অর্থনীতির ভিত্তি তৈরি করা।
বাংলা কিউআর বাস্তবায়নের মূল সমন্বয় করছে বাংলাদেশ ব্যাংক। আন্তব্যাংক লেনদেনের জাতীয় প্ল্যাটফর্ম ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এ ব্যবস্থার প্রযুক্তিগত ভিত্তি হিসেবে কাজ করবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রস্তুতি সম্পন্ন করেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক বহুদিন ধরেই কাজ করছে এবং বাংলা কিউআর সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ।
আজ থেকে পর্যায়ক্রমে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান কিউআরকে বাংলা কিউআরে রূপান্তর করবে। এর সঙ্গে যুক্ত থাকবে তফসিলি ব্যাংকগুলো, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান (যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদি), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও ফিনটেক প্রতিষ্ঠানগুলো। বিকাশের জনসংযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম জানিয়েছেন, প্রতিষ্ঠানটি নতুন আলাদা কিউআর দিচ্ছে না; বরং পুরোনো কিউআরগুলো দ্রুত বাংলা কিউআরে রূপান্তর করছে।
গ্রাহককে প্রথমে অংশগ্রহণকারী ব্যাংক বা এমএফএসের মোবাইল অ্যাপ চালু করে কিউআর স্ক্যান অপশন চালু করে মার্চেন্টের প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করতে হবে। তারপর টাকার পরিমাণ নিশ্চিত করে পিন, বায়োমেট্রিক বা প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করতে হবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর গ্রাহক ও ব্যবসায়ী উভয়েই তাৎক্ষণিক নিশ্চিতকরণ বার্তা পাবেন।
বাংলা কিউআর ব্যবহারের সুবিধা হলো- ব্যবসায়ীরা এক কিউআরেই সব ধরনের পেমেন্ট গ্রহণ করতে পারবেন। নগদ ব্যবস্থাপনার ঝামেলা কমবে। বিক্রির হিসাব স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ। ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে যুক্ত হওয়ার সুযোগ। গ্রাহকের নগদ বহনের প্রয়োজন কমবে। দ্রুত ও সহজে পেমেন্ট করতে পারবেন। লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকবে। যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) গবেষণা অনুযায়ী, দেশে মোট আর্থিক লেনদেনের মাত্র ৩৪.৫৯ শতাংশ ডিজিটাল মাধ্যমে হয়, বাকি ৬৫.৪১ শতাংশ এখনো নগদভিত্তিক। অন্যদিকে ২০২৫ সালের নভেম্বরে এটিএম কার্ড বেড়ে প্রায় ৫ কোটি ২৫ লাখে পৌঁছেছে। এর মধ্যে শুধু ক্রেডিট কার্ডই বেড়েছে ৭০ শতাংশের বেশি। গত বছরের ডিসেম্বরে কার্ডে লেনদেন দাঁড়িয়েছে ৪৭০৭৬ কোটি টাকা, যা প্রায় ১২৯ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। এর মধ্যে শুধু ক্রেডিট কার্ডে লেনদেনই বেড়েছে প্রায় ১৬০ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির পরও কার্ডভিত্তিক অর্থনীতি এখনো অনেক পিছিয়ে। পিআরআই বলছে, দেশের মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশের কাছে ক্রেডিট কার্ড রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ইস্যুকৃত নোটের পরিমাণ ছিল ৩ লাখ ৩ হাজার ৭৪৩ কোটি টাকা। এর মধ্যে প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা ব্যাংকের বাইরে মানুষের হাতে ছিল। ক্যাশলেস লেনদনে জনপ্রিয় হলে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণও ধীরে ধীরে কমবে।
বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল লেনদেন বাড়লে রাজস্ব আদায় বাড়তে পারে, কালো টাকার প্রবাহ কমতে পারে, লেনদেনের স্বচ্ছতা বাড়বে, সরকারের নোট ছাপানো ও ব্যবস্থাপনার ব্যয় কমবে। তবে বাস্তবায়নের পথে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। যেমন-প্রতারণা ও হ্যাকিং ঝুঁকি, অনেক গ্রাহক এখনো অ্যাপভিত্তিক লেনদেনে অভ্যস্ত নন, গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক সীমাবদ্ধতা, ছোট ব্যবসায়ীদের দ্রুত অন্তর্ভুক্ত করা, বড় অঙ্কের লেনদেনে অনেকেই এখনো নগদে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডিজিটাল লেনদেন বাড়াতে প্রণোদনা প্রয়োজন এবং ব্যাংক, ফিনটেক ও এমএফএসের মধ্যে শক্তিশালী আন্তঃসংযোগ গড়ে তুলতে হবে।
ভারতে ইউপিআই কিউআর চালুর পর ক্ষুদ্র ব্যবসায়ীরাও ব্যাপকভাবে ডিজিটাল পেমেন্ট গ্রহণ শুরু করেছে। সিঙ্গাপুরের এসজিকিউআরও থাইল্যান্ডের প্রম্পট পে কিউআর একই ধরনের একীভূত কিউআর ব্যবস্থা তৈরি করেছে। বাংলাদেশে বাংলা কিউআর সফল হলে একই ধরনের সুবিধা পাওয়া যেতে পারে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, বাজার ও সরকারি ফি পরিশোধে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলা কিউআর বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে প্রযুক্তিগত প্রস্তুতি, নিরাপত্তা, গ্রাহক সচেতনতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত বাস্তবায়নের ওপর।