বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি এবং জ্বালানি সংকটে নবায়নযোগ্য জ্বালানি কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে?
উত্তর : বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য অস্থিরতা, ভূরাজনৈতিক সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি শুধু পরিবেশবান্ধব বিকল্প নয়, বরং এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম কার্যকর উপায়। সৌরবিদ্যুৎ স্থানীয়ভাবে উৎপাদন করা যায়, এতে আমদানিনির্ভরতা কমে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং দীর্ঘমেয়াদে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কমে আসে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশগুলো থেকে এখনো কেন পিছিয়ে আছে?
উত্তর : বাংলাদেশে জমির স্বল্পতা, গ্রিড অবকাঠামোর সীমাবদ্ধতা, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, বিনিয়োগ ঝুঁকি এবং সৌরবিদ্যুৎ পণ্যের আমদানিতে শুল্ক কাঠামোতে বৈষম্য, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে। অন্যদিকে ভারত, ভিয়েতনাম ও চীন দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা, আকর্ষণীয় প্রণোদনা এবং দ্রুত বাস্তবায়ন ব্যবস্থার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশও ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিমালার অসামঞ্জস্য দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে কি না?
উত্তর : কিছু ক্ষেত্রে দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, একাধিক সংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তা এবং নীতিমালার পরিবর্তন বিনিয়োগকারীদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগ; তাই বিনিয়োগকারীরা স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য নীতি প্রত্যাশা করেন। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, ওয়ান স্টপ সার্ভিস এবং দীর্ঘমেয়াদি নীতিগত ধারাবাহিকতা খাতটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে মূল প্রতিবন্ধকতা কী কী?
উত্তর : প্রধান প্রতিবন্ধকতাগুলোর মধ্যে রয়েছে উপযুক্ত জমির সীমাবদ্ধতা, গ্রিড সংযোগ ও সক্ষমতার সীমাবদ্ধতা, অর্থায়নের উচ্চ ব্যয়, প্রযুক্তিগত দক্ষ জনবলের ঘাটতি এবং প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা। এ ছাড়া অনেক ক্ষেত্রে বিদ্যমান বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সমন্বয় করাও একটি বড় চ্যালেঞ্জ।
নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে কী কী সুযোগ-সুবিধা প্রত্যাশা করেন?
উত্তর : সৌর প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, মাউন্টিং স্ট্রাকচার, ডিসি ক্যাবল এবং অন্যান্য যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে শুল্ক ও কর কাঠামো আরও বিনিয়োগবান্ধব হওয়া প্রয়োজন। একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারেন্স প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে প্রকল্প বাস্তবায়নের সময় এবং ব্যয় উভয়ই কমবে। পাশাপাশি স্থানীয় উৎপাদনকারীদের জন্যও উপযুক্ত নীতিসহায়তা প্রয়োজন।
সৌরবিদ্যুৎ প্রসারে সরকারের কাছ থেকে কী ধরনের সহায়তা আশা করেন?
উত্তর : আমরা প্রত্যাশা করি নেট মিটারিং আরও সহজ ও কার্যকর করা হবে, সরকারি-বেসরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করা হবে, স্বল্পসুদে অর্থায়নের সুযোগ তৈরি করা হবে এবং গ্রিড অবকাঠামো উন্নত করা হবে। পাশাপাশি সরকারি ভবন, শিল্পকারখানা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক বা উৎসাহমূলক ব্যবস্থার মাধ্যমে ব্যাপক প্রসার সম্ভব।
বিনিয়োগবান্ধব নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। এ নীতিমালায় আপনার প্রত্যাশা কী?
উত্তর : আমাদের প্রত্যাশা, নীতিমালায় স্পষ্ট ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগ সুরক্ষা, সহজ অনুমোদন ব্যবস্থা এবং কর ও অর্থায়ন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে স্থানীয় উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাবে।
বেসরকারিভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে করণীয় কী?
উত্তর : বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি কমাতে হবে এবং অর্থায়নের সুযোগ বৃদ্ধি করতে হবে। গ্রিন ফাইন্যান্স, স্বল্পসুদে ঋণ, কার্বন ফাইন্যান্স এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি (PPA) বিনিয়োগকে আরও আকর্ষণীয় করতে পারে। পাশাপাশি সফল প্রকল্পগুলোর উদাহরণ তুলে ধরা হলে বাজারে আস্থা বৃদ্ধি পাবে।
নবায়নযোগ্য খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
উত্তর : বিদেশি বিনিয়োগকারীরা মূলত নীতিগত স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি বাজার সম্ভাবনা খোঁজেন। তাই দ্রুত অনুমোদন ব্যবস্থা, বিনিয়োগ সুরক্ষা, বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসনের নিশ্চয়তা, আন্তর্জাতিক মানসম্পন্ন চুক্তি কাঠামো এবং শক্তিশালী গ্রিড অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও জলবায়ু তহবিলের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো যেতে পারে।
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে আপনার প্রতিষ্ঠানের অবদান সম্পর্কে জানতে চাই।
উত্তর : ওমেরা সোলার বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বাস্তবভিত্তিক ও টেকসই সমাধান নিয়ে কাজ করছে। শিল্প খাত, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে অবদান রাখছি। সম্প্রতি পদ্মা সেতুর সার্ভিস এরিয়াগুলোতে ৬.০৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন তার একটি উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি আমরা স্থানীয় দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি স্থানান্তর এবং দেশীয় সৌরশিল্পের বিকাশেও ভূমিকা রাখছি। আমাদের লক্ষ্য শুধু বিদ্যুৎ উৎপাদন নয়; বরং একটি টেকসই, স্বনির্ভর এবং সবুজ বাংলাদেশের যাত্রাকে এগিয়ে নেওয়া।