টং দোকানের মামার ক্যাশ বাক্সের ঠিক ওপরেই ঝুলছে চার-পাঁচটি প্লাস্টিকের কার্ড। কোনোটিতে বিকাশ, কোনোটিতে নগদ, রকেট কিংবা কোনো নির্দিষ্ট ব্যাংকের লোগো। ক্রেতা পকেট থেকে ফোন বের করে প্রথম প্রশ্নটাই করেন-‘মামা, পকেট-এর কিউআর আছে?’ কিংবা ‘বিকাশ কাজ করবে তো?’ ডিজিটাল বাংলাদেশের চেনা এই খণ্ডিত দৃশ্যপট এবার চিরতরে বদলে যাওয়ার সময় এসেছে। ১ জুলাই থেকে বাধ্যতামূলক হওয়া ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থায় আনতে চলেছে এক অভূতপূর্ব পরিবর্তন। এখন আর অসংখ্য কিউআর কোডের জঞ্জাল নয়, একটি মাত্র কিউআর কোডেই হবে সব ধরনের পেমেন্ট। এতদিন আমাদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম ছিল ছোট ছোট কিছু দ্বীপে বিভক্ত। এক অ্যাপের গ্রাহক অন্য অ্যাপের কিউআর স্ক্যান করতে পারতেন না। বাংলা কিউআর এই অদৃশ্য দেয়ালগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। বাস্তবতা হলো, এখন আপনি যেকোনো ব্যাংক, এমএফএস (MFS) কিংবা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের অ্যাপ ব্যবহারকারীই হোন না কেন, কাউন্টারের ওই একক ‘বাংলা কিউআর’ স্ক্যান করেই মুহূর্তের মধ্যে পরিশোধ করতে পারবেন আপনার বিল। এটি গ্রাহককে দেয় নিজের পছন্দের অ্যাপ ব্যবহারের স্বাধীনতা আর বিক্রেতাকে দেয় সব মাধ্যমের টাকা এক জায়গায় পাওয়ার স্বস্তি।
সুবিধা যেখানে অভ্যাসের অংশ : সাধারণের জীবন যেভাবে বদলাবে বাংলা কিউআর কেবল প্রযুক্তিপ্রেমীদের জন্য নয়, এর আসল উপযোগিতা একদম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে।
কাউন্টারের জটলা ও সময়ের সাশ্রয় : হাজারটা কিউআর কোড থেকে নিজের কাক্সিক্ষত কোডটি খুঁজে বের করার দিন শেষ। ফোন বের করুন, স্ক্যান করুন, পিন দিন ব্যস, খেলা শেষ! এতে কেনাকাটায় সময় বাঁচবে, কমবে ক্যাশ কাউন্টারের লাইনের দৈর্ঘ্য।
খুচরা টাকার চিরস্থায়ী মুক্তি : ‘৫ টাকা খুচরা নাই, একটা চকলেট নেন’-ডিজিটাল যুগের এই চিরচেনা বিড়ম্বনার অবসান ঘটাবে বাংলা কিউআর। ১ টাকা থেকে শুরু করে যেকোনো অঙ্কের নিখুঁত পেমেন্ট হবে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই।
সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত জীবন : পকেটে করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘোরার দিন ফুরোচ্ছে। টাকা চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার ভয় নেই, নেই জাল নোটের খপ্পরে পড়ার আশঙ্কা।
এখানেই শেষ নয়, বাংলা কিউআরের সবচেয়ে বড় ম্যাজিকটা ঘটবে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) জীবনে। একজন ঝালমুড়ি বিক্রেতা বা ফুটপাতের কাপড় ব্যবসায়ীর পক্ষে চার-পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্ট বা আলাদা কিউআর মেইনটেন করা অসম্ভব ছিল। একটি মাত্র বাংলা কিউআর কোড এখন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীকেও দেশের মূলধারার ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করবে। এখন একটি মাত্র কিউআর দিয়েই তিনি পুরো দেশের ডিজিটাল গ্রাহকদের ধরতে পারবেন। এর ফলে-
হিসাবনিকাশের স্বচ্ছতা : প্রতিটি লেনদেনের রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে ফোনে জমা থাকবে। দিনশেষে খাতাকলম নিয়ে বিক্রির হিসাব মেলানোর ক্লান্তি কমবে।
আর্থিক অন্তর্ভুক্তির নতুন দিগন্ত : এই ডিজিটাল লেনদেনের ট্র্যাক রেকর্ডই ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জামানতবিহীন ব্যাংকঋণ পাওয়ার পথ সহজ করে দেবে, যা আগে ছিল কল্পনাতীত।
বাংলা কিউআর কোড নিতে কী কাগজপত্র প্রয়োজন
মাইক্রো মার্চেন্ট (মাসিক লেনদেন ১০ লাখ টাকা পর্যন্ত)
► ব্যবসায়ীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
► পাসপোর্ট সাইজের রঙিন ছবি
রেগুলার মার্চেন্ট (মাসিক লেনদেন ১০ লাখ টাকার ওপরে)
► এনআইডি কার্ডের ফটোকপি
► পাসপোর্ট সাইজের ছবি
► ই-টিন সার্টিফিকেট
► সর্বশেষ করবর্ষের টিন রিটার্ন স্লিপ জমা দিতে হবে