আসন্ন ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। সম্প্রতি চূড়ান্ত সূচি প্রকাশের পর নতুন ধাপে টিকিট বিক্রি শুরু করেছে ফিফা, যেখানে প্রতিটি ক্যাটাগরিতেই দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের টিকিটে। সর্বোচ্চ ক্যাটাগরির একটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা। অথচ গত ডিসেম্বরেও এর দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার। একইভাবে ক্যাটাগরি-২ ও ৩-এর দামও আশঙ্কাজনক হারে বেড়েছে। ব্যয়বৃদ্ধির এই তালিকায় কেবল ফাইনাল নয়, সেমিফাইনাল ও নকআউট পর্বের ম্যাচগুলোও রয়েছে। ফিফার এই মুনাফালোভী আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের ৬৯ জন ডেমোক্র?্যাটিক কংগ্রেস সদস্য। এমনকি ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে একটি ভোক্তা সংগঠন। তবে ফিফা জানিয়েছে, ১০৪টি ম্যাচের সব টিকিট এখনই ছাড়া হয়নি; টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট উন্মুক্ত করা হবে।
স্বাভাবিকভাবেই সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে এই বিশ্বকাপ এখন আক্ষরিক অর্থেই ‘দামি’ হয়ে দাঁড়িয়েছে।