বিশ্বকাপের মঞ্চে ১৯৯৪ সালের স্মৃতি এখনো টাটকা, যেখানে মরক্কোকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। তবে নকআউটের বাঁচা-মরা লড়াইয়ের অতীত পরিসংখ্যান শুধু কাগজের টুকরো। বিশ্বকাপের নকআউট মানেই হৃদস্পন্দন বেড়ে যাওয়া, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। ২০২৬ বিশ্বকাপ আসরের রাউন্ড অফ ৩২-এর হাই-ভোল্টেজ ম্যাচে আজ আবার মুখোমুখি হচ্ছে ‘টোটাল ফুটবল’-এর দেশ নেদারল্যান্ডস ও গতিময় ফুটবলের মরক্কো।
ডাচদের নকআউটের ঐতিহ্য অনেক সমৃদ্ধ, তিনবারের ফাইনালিস্টরা যেকোনো দলের জন্যই মূর্তিমান আতঙ্ক। অন্যদিকে, কাতার আসরের সেমিফাইনালিস্ট ‘অ্যাটলাস লায়ন্স’ মরক্কো এবারও বড় দলগুলোকে স্তব্ধ করতে প্রস্তুত। হাকিমি-জিয়েশদের জমাট রক্ষণ বনাম গ্যাকপো-সিমন্সদের ডাচ আক্রমণের লড়াই মূলত কৌশলের দাবা খেলা। তবে এবার কমলা ঝড় থামিয়ে মরক্কো নতুন রূপকথা লিখবে, নাকি ফন ডাইকের ডাচ দেয়াল অক্ষত রেখে পরের রাউন্ডের টিকিট কাটবে- তা দেখতে মুখিয়ে ফুটবলবিশ্ব।