প্রথম দুই আসরে অংশ না নিলেও বাংলাদেশ এবার খেলবে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএন) তৃতীয় আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নামে দলটি প্রতিযোগিতায় খেলবে। সাবেক তারকা ক্রিকেটাররা এ প্রতিযোগিতায় খেলে থাকেন। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল খেলবে। ২৭ জুলাই ইংল্যান্ডে আসর শুরু হবে। বাংলাদেশ সেখানে যাবে ১৫ জুলাই। এবার বাংলাদেশ অংশ নেওয়ায় দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে।
বাংলাদেশ চ্যাম্পিয়নের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসি ইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের বড় অর্জন হিসেবে দেখছেন। দলের সহ-স্বত্বাধিকারী শাহনিয়ন তানিম নিশ্চিত করেছেন মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদ এ দলে খেলবেন। তিনি বলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা হবে আমাদের বড় অর্জন। মাহমুদুল্লাহ দলে সুযোগ পাওয়ায় খুশি। তিনি বলেন, ‘কিংবদন্তিদের সঙ্গে খেলাটা হবে আনন্দের। প্রথমবারের মতো খেলতে গেলেও আমরা ভালো করার আশা করি। আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’